বুন্দেসলিগায় কেইনের দ্রুততম ‘ফিফটি’

বুন্দেসলিগার ১১তম রাউন্ডে অগসবুর্গের বিপক্ষে ৬২ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই। ৬৩ মিনিটে বন্ধ্যত্ব ঘোচালেন হ্যারি কেইন। শেষ পর্যন্ত করলেন হ্যাটট্রিক। বায়ার্নও জয় পেল ৩-০ গোলে। হ্যাটট্রিক করার পথে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন কেইন, গড়েছেন রেকর্ডও।

বায়ার্নের জার্সিতে জার্মান লিগে গোলের ফিফটি হয়ে গেল কেইনের। ৪৩ ম্যাচেই করলেন ফিফটি। জার্মানির শীর্ষ লিগে গোলের দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল আর্লিং হালান্ডের। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ ম্যাচে ৫০ গোল করেছিলেন। হালান্ডকে পেছনে ফেললেন কেইন।

কেইনের প্রথম গোলটি পেনাল্টি থেকে। পরে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করেন তিনি। দেশ ও ক্লাব মিলিয়ে টানা ২৫ পেনাল্টি তিনি সফলভাবে কাজে লাগালেন। দুই মিনিট পর হেড থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে ৬৪ গোল হলো কেইনের।

ইংলিশ ফরোয়ার্ড কেইন বলেন, ‘মাঝবিরতিতে আমরা আলোচনা করেছি যে, চাপ ধরে রাখতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে। সৌভাগ্যবশত, একটি পেনাল্টি পেয়ে যাই আমরা এবং সেখান থেকে ম্যাচটি পরিবর্তন হয়।’

গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে ৩২ ম্যাচে ৩৪ গোল করেন কেইন। তবে ২০১২ সালের পর প্রথমবার লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় ক্লাবটি। এবার ১১ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।