প্রথম ইনিংসের দুঃস্বপ্ন ভুলে দ্বিতীয় ইনিংসে রুখে দাঁড়িয়েছে ভারত। দুইশ রানের ওপেনিং জুটিতে পার্থ টেস্টে তারা এখন শক্তিশালী অবস্থানে। অসাধারণ ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন যশস্বী জয়সোয়াল। আরেক ওপেনার লোকেশ রাহুল দারুণ ব্যাটিং করলেও তিন অংকে যেতে পারেননি।
বিনা উইকেটে ১৭২ রান নিয়ে আজ রবিবার তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। জয়সোয়াল অপরাজিত ছিলেন ৭৮ রানে, রাহুল ৫৭। আজ জশ হ্যাজলউডের বাউন্সারকে ফাইন লেগের ওপর দিয়ে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি উপহার দেন জয়সোয়াল। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলতে ২২ বছর বয়সী ওপেনারের লেগেছে ২০৫ বল, হাঁকিয়েছেন ৮টি চার এবং ২টি ছক্কা।
২০০১ সালের পর এখন পর্যন্ত তিনজন বিদেশি অস্ট্রেলিয়ায় ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে যশস্বী জয়সোয়াল। লোকেশ রাহুল অবশ্য এতটা সৌভাগ্যবান নন। দিনের ৬ষ্ঠ ওভারে মিচেল স্টার্কের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেওয়া রাহুল ফিরেছেন ১৭৬ বলে ৭৭ রানের ইনিংস খেলে। এরই সঙ্গে ভাঙে ৬৩ ওভার স্থায়ী ভারতের ২০১ রানের উদ্বোধনী জুটি।