‘কোহলিকে বলেছি- সে আমার আদর্শ, তাকে অনেক ভালোবাসি’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০১:৩০ পিএম

মাঠে যাই ঘটুক না কেন, মাঠের বাইরে দুই দলের ক্রিকেটাররা একে অন্যের বন্ধু হয়ে যান। এটাই ক্রিকেট। সদ্য সমাপ্ত বোর্ডার-গাভস্কার সিরিজে অস্ট্রেলিয়ার নবীন ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির আচরণ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু খেলা শেষে সেই কোহলিকে ভালোবাসা জানিয়েছেন এই সিরিজেই অভিষিক্ত কনস্টাস। জানিয়েছেন, কোহলিই তার আদর্শ।

ব্যাট হাতে অনেকদিন রান পাচ্ছেন না কোহলি। এ কারণেই হয়তো মেজাজ ঠিক রাখতে পারেন না। তাই মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তিনি অভিষিক্ত কনস্টাসকে অকারণে ধাক্কা মেরে বসেন। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও দিতে হয়েছে। পাঁচ ম্যাচ সিরিজ শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হেরে যায় ভারত। সিডনিতে ম্যাচ শেষে কোহলির সঙ্গে কথা বলেছেন কনস্টাস। কোহলিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক সাক্ষাৎকার কনস্টাস বলেছেন, ‘এই দ্বৈরথের প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি। অনেককিছু শিখেছি। আশা করি এই শিক্ষাটা পরের সফরগুলোতে কাজে লাগাতে পারব। সিডনি ম্যাচের পর কোহলিকে বলি, সে আমার আদর্শ। কোহলির মতো ক্রিকেটারের বিপক্ষে খেলা ভীষণ সম্মানের। কোহলির সঙ্গে কথা বলার সময় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল।’

১৯ বছর বয়সী কনস্টাস আরও বলেন, ‘কোহলির উপস্থিতিটাই অন্যরকম। ভারতের সমর্থকেরা সেটা ভালো বুঝতে পারে। তাই সারাক্ষণ তার নামেই চিৎকার শুনতে পাচ্ছিলাম। কোহলির পা সব সময় মাটিতে থাকে। মানুষ হিসাবেও খুব ভালো। শ্রীলঙ্কা সফরে ভালো খেলার জন্য শুভেচ্ছা জানিয়েছে। আমার পুরো পরিবার কোহলিকে ভালোবাসে। আমি ছোটবেলা থেকে তাকেই আদর্শ মেনে বড় হয়েছি। কোহলি ক্রিকেটের কিংবদন্তি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত