বান্দরবানে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত: আইএসপিআর

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্য নিহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় ও রুমা থানা সূত্র জানায়, বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুননোয়ামপাড়া থেকে ৪ কিলোমিটার দূরে কুত্তাঝিরি এলাকায় গহীন জঙ্গলে বান্দরবান ৬৯ ব্রিগেড কমান্ডার সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী কেএনএফের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত হয়। 

রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, পাইন্দূ ইউনিয়নে কুত্তাঝিরি নামক স্থানে সেনাবাহিনীর অভিযানে তিনজন কেএনএফ সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে শুনেছি।  তবে দাপ্তরিকভাবে এখনো কোনো তথ্য আসেনি। তাদের নাম ঠিকানাও জানা যায়নি।