বান্দরবানের লামা উপজেলায় ভারী এস্কেভেটর বহনকারী একটি ট্রাকের ভারে বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া এই দুটি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গজালিয়া সড়কের ৬ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গজালিয়া ইউনিয়নের ৬ মাইল এলাকার বেইলি ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজ ভেঙে এস্কেভেটরসহ ট্রাকটি নিচে পড়ে যায়। এদিকে, ব্রিজটি ভেঙে পরার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের যাতায়াত ও পণ্য পরিবহনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা দেশ রূপান্তরকে জানান, ভেঙে পড়া ব্রিজটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।