২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলের ২০২৪-২৫ মৌসুম শুরু হয়। আগামী শুক্রবার ২৯ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ। এই দুই প্রতিযোগিতার সূচি আজ রবিবার প্রকাশ করেছে বাফুফে।
বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান লিগ মৌসুমে শুরুর প্রথম দিনেই মাঠে নামবে। বসুন্ধরা বর্তমান লিগ চ্যাম্পিয়নও। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে মোহামেডান। নিজেদের মাঠ কিংস অ্যারেনাতে বসুন্ধরা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ঢাকা আবাহনী তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ নভেম্বর ফকিরাপুল ইয়ংম্যানসের বিপক্ষে।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগ শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। লিগের মাঝে মাঝে মঙ্গলবার চলা ফেডারেশন কাপের প্রথম পর্ব শেষ হবে ৪ ফেব্রæয়ারি। লিগের দ্বিতীয় লেগ শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে আর ফেডারেশন কাপের রোড টু ফাইনাল ৮ এপ্রিল।
প্রায় দুই মাস ঘরোয়া ফুটবলে বিরতি থাকবে। মধ্যবর্তী দলবদল, ফিফা উইন্ডো ও রমজানের ঈদের জন্য লিগের মধ্যে এমন বড় বিরতিই পড়েছে। ৫ ফেব্রæয়ারি থেকে ৩ মার্চ মধ্যবর্তী দলবদল। এশিয়া কাপ বাছাইয়ের জন্য ফিফা উইন্ডো ১৭-২৫ মার্চ। ২৯ মার্চ-২ এপ্রিল ঈদের জন্য সম্ভাব্য ছুটি। এপ্রিলের প্রথম সপ্তাহে পুনরায় খেলা শুরুর পর আর কোনো বিরতি নেই। ফেডারেশন কাপের ফাইনাল ২ মে আর লিগের শেষ ম্যাচ ৩১ মে।