ফুটবল মাঠের উত্তেজনা অনেক সময়ই আনন্দের ফোয়ারা ছোটায়, আবার কখনো বয়ে আনে বুকফাটা কান্না। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ঠিক এমন এক নির্মম বাস্তবতার মুখোমুখি হলো বাংলাদেশ।
ম্যাচের পুরোটা সময় ধরে দুর্দান্ত সব সেভ দিয়ে দলকে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণী শেষ মুহূর্তে এসে এক মুহূর্তের অসাবধানতা আর ভুলে সব ওলটপালট হয়ে গেল। সেখানে জয়সূচক গোল আদায় করে নেয় পাকিস্তান, যা লাল-সবুজ প্রতিনিধিদের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দেয় এক নিমিষে।
ম্যাচ শেষের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা। ট্রলের ঝড় বইতে থাকে শ্রাবণের ওপর। তবে সতীর্থরা কেউই এই তরুণ গোলরক্ষককে কাঠগড়ায় দাঁড় করাননি। ম্যাচ শেষে মিডফিল্ডার হামজা চৌধুরী সাফ জানিয়ে দেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। আমরা সবাই ১১ জনের বিপক্ষে ১১ জনই খেলেছি, তাই কোনো একক ব্যক্তিকে দোষ দেওয়া যায় না। ওরা তো মাত্র একটা সুযোগ তৈরি করেছিল এবং সেটাই কাজে লাগিয়েছে। ফুটবল তো এমনই, তাই না?’
সতীর্থের এমন আস্থার বাণী কিংবা সহানুভূতিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধেয়ে আসা সমালোচনার তীব্রতা কমাতে পারেনি। শেষ পর্যন্ত ভক্ত-সমর্থকদের ক্ষোভ প্রশমনে নীরবতা ভাঙলেন শ্রাবণই নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে সব দায় নিজের কাঁধে তুলে নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে শ্রাবণ লেখেন,
‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
'খুব, খুবই হৃদয়বিদারক', হামজা চৌধুরী