জন্মদিনে মাঠে নেমে বল পায়ে দ্যুতি ছড়ালেন জেমস ম্যাডিসন। টটেনহ্যামে খেলা ইংলিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার আট মিনিটের মধ্যে করলেন জোড়া গোল। নিজেদের ঘরের মাঠে শুরুর ধাক্কা সামলে উঠতে পারল না ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে টটেনহ্যাম ৪-০ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানসিটির এটি টানা পঞ্চম হার। লিগে টানা তৃতীয় হার। এর আগে ২০০৬ সালে সিটি টানা ৬ ম্যাচ হেরেছিল।
ইংলিশ ফুটবলের শেষ ৬৮ বছরের ইতিহাসে শীর্ষ লিগের শিরোপাধারী প্রথম ক্লাব হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারল ম্যানসিটি। চেলসির, এমন অভিজ্ঞতা হয়েছিল ১৯৫৬ সালে। সেবার তারা ১৬তম স্থানে থেকে লিগ শেষ করেছিল।
ইতিহাদে ম্যাচের ১৩ মিনিটে ডান দিক থেকে কুলুসেভস্কির ক্রস পেয়ে ভলিতে বল জালে পাঠান ম্যাডিসন। সাত মিনিট পর ব্যবধান বাড়ান ম্যাডিসন। ৫২ মিনিটে স্কোর ৩-০ করেন পেদ্রো পোরো। ৭৭ ও ৭৯ মিনিটে গোলের দারুণ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটির খেলোয়াড়রা। যোগ করা সময়ের শেষ দিকে জনসনের গোলে সিটির পরাজয়ের ব্যবধান আরও বড় হয়।
সিটির হঠাৎ ছন্দপতনের শুরুটা গেল ৩০ অক্টোবর; এই টটেনহ্যামের বিপক্ষেই হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছিল পেপ গার্দিওলার দল। পরে লিগে টানা দুই ম্যাচে বোর্নমাউথ ও ব্রাইটনের বিপক্ষে এবং চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিংয়ের বিপক্ষে হারের স্বাদ পায় দলটি। আগের চার হারই ছিল প্রতিপক্ষের মাঠে। এবার তারা হারল ঘরের মাঠে। ঘরের মাঠে সিটির সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫২ ম্যাচের অপরাজেয় যাত্রাও (৪৩ জয় ও ৯ ড্র) থামল।
ইতিহাদে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার ম্যানসিটির। ঘরের মাঠে এর আগে সবশেষ তারা চার বা তার চেয়ে বেশি গোল খেয়ে হেরেছিল ২০০৩ সালে (৫-১), আর্সেনালের বিপক্ষে। তবে সেটা ছিল তাদের তখনকার ঘরের মাঠ মেইন রোডে।