সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন আর নেই। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃতুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ প্রধান বিচারপতি কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত ১৬ নভেম্বর ভোরে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করে দেশের ১৮তম প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। মাত্র ৯ দিনের ব্যবধানে অবসরপ্রাপ্ত দুইজন প্রধান বিচারপতি মারা গেলেন।
বিচারপতি রুহুল আমিন বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের অভ্যন্তরীণ কোর্ট ইয়ার্ডে মরহুম রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী, বিচারপতি রুহুল আমিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ছিল।