লিভারপুল ম্যাচের আগে চোটে ভিনিসিয়ুস

লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে ড্র করে বার্সেলোনা। তাতে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ হয় বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে কার্লো আনচেলত্তির দল। রবিবার রাতে এমবাপ্পে, বেলিংহ্যাম, ভালভার্দের গোলে লেগানেসকে হারিয়ে ৩০ পয়েন্ট নিয়ে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে। চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে একটি ম্যাচ কম খেলেছে রিয়াল।

১১ মিনিটে লেগানেসের জালে বল পাঠিয়ে উদযাপন শুরু করেন এমবাপ্পে, তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ২২ মিনিটে লেগানেসের মুনির এল হাদ্দাদির শট লাগে ক্রসবারে, যদিও আক্রমণের শুরুতে অফসাইডে ছিলেন তিনি। ৪৩ মিনিটে লেগানেসের খেলোয়াড়দের ভুলে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে। লা লিগায় এটি ফরাসি ফরোয়ার্ডের সপ্তম গোল। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াজের জোরাল শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ক্রসবারে লেগে ফিরে আসে, ফিরতি বল হেডে জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।

গোল করতে না পারলেও ভেতরে খেলে গোটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন ভিনিসিয়ুস। তবে দলের জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন এই ব্রাজিলিয়ান। বাম ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি। শঙ্কা, প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়ুসকে। এই সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগে আগামীকাল বুধবার লিভারপুল ও ১০ ডিসেম্বর আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আছে লিভারপুলের।

লেগানেসের বিপক্ষে গোল পেয়ে এমবাপ্পে বলেন, ‘সাম্প্রতিক সময়ের অন্য ম্যাচগুলোর চেয়ে ভিন্ন পজিশনে খেলেছি আজকে। তবে এখানে আসার পর প্রথম দিনেই যেটা বলেছি, পজিশন নিয়ে কোনো আপত্তি নেই আমার। বিভিন্ন পজিশনে খেলতে পারি। আজকে এক পজিশনে খেললাম, পরের ম্যাচে অন্য পজিশনেও খেলতে পারি। আমি শুধু দলকে সহায়তা করতে চাই।’ ফরোয়ার্ড লাইনের কোনো পজিশনেই খেলতে আপত্তি নেই জানিয়ে এমবাপ্পে আরও যোগ করেন, ‘আমার গোটা ক্যারিয়ারের গল্পই এমন। বাঁয়ে খেলতে পারি, ডানে খেলতে পারি, সামনে দুজনের একজন হয়ে খেলতে পারি। কোনোটিতেই আপত্তি নেই।’