জেলা স্থবির নগর চাঙ্গা

খুলনায় জেলা বিএনপি কমিটি ভেঙে দেওয়ার দুই মাসের বেশি সময় পার হলেও গঠন হয়নি নতুন কমিটি। ফলে সংগঠনের জেলা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। তবে গতিশীলতা ফিরেছে মহানগরী বিএনপির কার্যক্রমে। নেতাকর্মীদের চাঙ্গা করতে নগর কমিটি ইতিমধ্যে শেষ করেছে ৩৪টি ইউনিট কমিটির (৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন) সম্মেলন। ঘোষণা করেছে পাঁচটি থানার সম্মেলনের তারিখও। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যেই মহানগর বিএনপির সম্মেলনও করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা মহানগর বিএনপি।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর জেলা বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়। এতে আমীর এজাজ খান আহ্বায়ক ও এস এম মনিরুল হাসান বাপ্পী সদস্য সচিব হন। এরপর ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। তবে গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এর জেরে গত ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর দুই মাসের বেশি সময় পার হলেও গঠন করা হয়নি নতুন কমিটি। এতে জেলা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে হতাশা।

বটিয়াঘাটা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ইজাজুর রহমান শামীম ও ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রফিকুল ইসলামসহ বেশকিছু নেতাকর্মী দেশ রূপান্তরকে জানান, কমিটি ভেঙে দেওয়ার পর দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। কোথাও সভা-সমাবেশ নেই। দৃশ্যমান নেই কোনো সাংগঠনিক কার্যক্রমও। তাছাড়া দলে রয়েছে গ্রুপিং। পদপ্রত্যাশীরা কেন্দ্রে লবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ পরিস্থিতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন। কমে যাচ্ছে সাংগঠনিক গতিশীলতাও।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমীর এজাজ খান দেশ রূপান্তরকে জানান, তাদের কমিটি কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া ও ফুলতলা, রূপসা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলা ও দুটি পৌরসভায় আহ্বায়ক কমিটি করেছিল। ইউনিয়ন পর্যায়েও আহ্বায়ক কমিটি করা হয়। এরপর উপজেলাগুলোয় সম্মেলন করার কথা থাকলেও সে সুযোগ পাওয়া যায়নি। তবে কমিটি না থাকলেও সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে কাজ করে চলেছেন তারা।

এদিকে মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, ২০২১ সালে মহানগর বিএনপির আগের কমিটি ভেঙে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে অ্যাডভোকেট এস এম শফিকুল আল মনাকে আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করা হয়। ২০২২ সালের ৫ মার্চ ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা হয়।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা শরিফুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে জানান, মহানগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে ৩৪টি ইউনিট কমিটির সম্মেলন শেষ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নগরের পাঁচটি থানার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ ডিসেম্বর দৌলতপুর, ৪ ডিসেম্বর খানজাহান আলী থানা, ৭ ডিসেম্বর খালিশপুর, ৯ ডিসেম্বর সোনাডাঙ্গা ও ১০ ডিসেম্বর খুলনা সদর থানার সম্মেলন অনুষ্ঠিত হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, নানা প্রতিকূলতার মধ্যে সাংগঠনিক কাজ করতে হয়েছে। দীর্ঘদিন নেতাকর্মীরা ঘরছাড়া ছিলেন। তারপরও দল গোছাতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে স্বল্প সময়ে ওয়ার্ড সম্মেলন শেষ করেছি। ডিসেম্বর মাসের মধ্যে সব থানার সম্মেলন শেষ হবে।