দেশে এ মাসে ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে যে দুজন মারা গেছে, তা এ নিয়ে এ মাসের ২৫ দিনে মৃত্যু দাঁড়িয়েছে ১৪৬ জনে। এর মধ্য দিয়ে চলতি নভেম্বর ইতিমধ্যেই বছরের সর্বোচ্চ মৃত্যুর মাসে রূপ নিয়েছে। এ বছরের অক্টোবরে ১৩৫, সেপ্টেম্বরে ৮৭, আগস্টে ৩০, জানুয়ারিতে ১৬, মেতে ১২, জুনে ৮, মার্চে ৬, ফেব্রুয়ারিতে ৫ ও এপ্রিলে ২ জন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন যে দুজন মারা গেছে, তারা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিল। তাদের একজন ৩১-৩৫ বছর বয়সী নারী ও আরেকজন ৩৬-৪০ বছর বয়সী পুরুষ।
এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ৪৬১ জনে। তাদের মধ্যে ২৩৫ জন বা ৫১ শতাংশ নারী ও ২২৬ বা ৪৯ শতাংশ পুরুষ। এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণে ১৯৭ জনের ও সর্বনিম্ন একজন মারা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনে। এ ছাড়া ঢাকা উত্তরে ৮৪ জন, বরিশাল বিভাগে ৪৯, চট্টগ্রাম বিভাগে ৪৬, ঢাকা বিভাগে ৩৭, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৬ ও রংপুর বিভাগে ২ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৯৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৮৯ জন পুরুষ ও ৩৪৫ জন নারী। সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৫২১ জন, যা দিনের মোট রোগীর ৫৬ শতাংশ। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন ও ঢাকা দক্ষিণে ১৩২ জন ভর্তি হয়েছে এবং বাকি ২০৭ জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগের অন্যান্য জেলায়। এরপর খুলনা বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৯, বরিশাল বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ৪৯, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ১৬ ও সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে এ মাসের গত ২৫ দিনে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৯০৮ জনে। এ বছর মাসের দিক থেকে এটা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ রোগী ছিল গত মাসে অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ ও তৃতীয় সর্বোচ্চ রোগী গত সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন। এরপর আগস্টে ৬ হাজার ৫২১ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯, জানুয়ারিতে ১ হাজার ৫৫, জুনে ৭৯৮, মেতে ৬৪৪, এপ্রিলে ৫০৪, ফেব্রুয়ারিতে ৩৩৯ ও মার্চে ৩১১ জন রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৭২৫ জনে। এটা ডেঙ্গুর গত ২৪ বছরের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ছিল ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ ও সর্বোচ্চ গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।