সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করুন : রিজওয়ানা

সরকারি সেবা স্বচ্ছ ও জনমুখী করতে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গতকাল সোমবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) কাউন্সিল ভবন অডিটরিয়ামে ইউআরপি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বুয়েটের (ইউএসএবি) উদ্যোগে ‘প্লানিং উইক, ২০২৪’ উপলক্ষে আয়োজিত ‘জাস্ট আরবান ট্রানজিশন অ্যান্ড আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সাধারণ নাগরিকরা যারা সেবা গ্রহণের জন্য রাজউকসহ সরকারের বিভিন্ন দপ্তরে যান, তাদের জন্য আপনাদের সেবাটা দয়া করে স্বচ্ছ এবং জনমুখী করুন।’ নিজেদের প্রতিষ্ঠানের প্রতি সাধারণ জনগণের যেন ইতিবাচক ধারণা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

যত্রতত্র জলাশয় ভরাট বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে জলাশয় আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।