চিন্ময় ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত এই আদেশ দেন।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রসিকিউশন শাখার এডিসি মফিজুর রহমান জানান, সকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির  করে পুলিশ। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। 

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।