আইপিএল সেনসেশন বৈভবের বয়স ১৩, ১৫ নাকি ১৭?

আইপিএলের মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসে যাওয়া বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, বৈভবের বয়স ১৩ বছর। অফিসিয়ালি তার বয়স ১৩ বছরই। কিন্তু বৈভবের একটি সাক্ষাৎকারের সৌজন্যে তার প্রকৃত বয়স নিয়ে তৈরি হয়েছে সন্দেহ।

৫ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করা বৈভাব গত বছর থেকেই ভারতীয় ক্রিকেটে বেশ আলোচনায় আছেন। গতকাল সোমবার আইপিএল নিলামের সময় বৈভবের বয়স ১৩ বছর ২৪৩ দিন। কিন্তু গত বছর একটি সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, তার সত্যিকারের জন্মদিন ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সেই অনুযায়ী বৈভবের বয়স এখন ১৫।

সুতরাং বৈভবের কথা ধররে, অফিসিয়াল বয়সের সঙ্গে তার প্রকৃত বয়সের ব্যবধান প্রায় দেড় বছর। আইসিসির ওয়েবসাইটে বৈভবের জন্মসাল দেওয়া আছে ৩ মার্চ ২০১১। ক্রিকইনফোতেও তাই। বয়সের প্রসঙ্গে পিটিআইকে বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী বলেছেন, ‘সে সাড়ে ৮ বছর বয়সে বিসিসিআইয়ের বোন টেস্টে (বয়স পরীক্ষা) অংশ নিয়েছিল। প্রয়োজনে সে আবার বয়সের পরীক্ষা দেবে। এখানে ভয়ের কিছু নেই।’

এদিকে ক্রিকেট অ্যাসোসিয়েশন বিহারের সচিব আদিত্য প্রতাপ বার্মা ওপার বাংলার গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’-এর কাছে মারাত্মক অভিযোগ করেছেন। তার দাবি, বৈভবের বয়স ১৭ বছর! আদিত্যর ভাষায়, ‘বৈভব সূর্যবংশী ভালো ক্রিকেটার। কিন্তু ওর বয়স কখনই ১২ বছর নয়। ওর বয়স কমপক্ষে ১৭। কিন্তু অনূর্ধ্ব ১৬ দল না খেলার জন্য ছেলেটার বোন ম্যারো টেস্ট করা সম্ভব হয়নি। সেই টেস্ট করলেই প্রমাণ হবে, সে বয়স ভাঁড়িয়ে খেলছে।’

বৈভবের বয়স যেটাই হোক না কেন, তার কীর্তি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। ১২ বছর ২৮৪ দিন বয়সে তার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। এর আগে ভিনু মানকড় ট্রফিতে ৫ ম্যাচে চারশর বেশি রান করেছিলেন বৈভব। বয়স সম্পর্কে জানানোর সেই সাক্ষাৎকারেই বৈভব বলেছিলেন, বিভিন্ন পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে ৪০টি সেঞ্চুরি ও দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। বিহারের অনূর্ধ্ব-১৯ রনধির ভার্মা টুর্নামেন্টে খেলেন ৩৩২ রানের ইনিংস। গত সেপ্টেম্বর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেন।