যে কারণে ৪২ সেঞ্চুরি করা ১৩ বছরের বালকের দাম কোটি টাকা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম

বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই বিভিন্ন পর্যায়ের ঘরোয়া ক্রিকেটে ৪২টি সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী, যারা দুটি আবার ডাবল সেঞ্চুরি। আইপিএলের মেগা নিলামের আগে থেকেই বিহারের এই বালককে ঘিরে ব্যাপক আগ্রহ ছিল সবার। শেষ পর্যন্ত নিলামে তাকে ১ কোটি ১০ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। নিলামের পর এই বালককে কেনার কারণও জানিয়েছেন রাজস্থান রয়্যালসের প্রধান নির্বাহী।

মেগা নিলামে বৈভবের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত তাকে দলে পায় রাজস্থান রয়্যালস। নিলামের দিন তার অফিসিয়াল বয়স ১৩ বছর ২৪৩ দিন। যদিও গত বছর একটি সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, তার সত্যিকারের জন্মদিন ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর। সেই অনুযায়ী তার বয়স এখন ১৫ হলেও এত টাকায় দল পাওয়া কম আশ্চর্যের নয়।

রাজস্থানের রয়্যালসের প্রধান নির্বাহী জ্যাক লুশ ম্যাকক্রাম বলেন, ‘সে নাগপুরে আমাদের হাই পারফরম্যান্স সেন্টারে ছিল। সেখানে ট্রায়াল দিয়েছে এবং আমাদের সেখানকার কোচিং স্টাফদের মুগ্ধ করেছে। সে অবিশ্বাস্য এক প্রতিভা এবং আইপিএলের মানের সঙ্গে তাল মেলানোর আত্মবিশ্বাস আছে। আগামী কয়েক মাসে তাকে আরও উন্নত করে তুলতে কাজ করা হবে। তবে অসাধারণ এক প্রতিভা সে এবং তাকে পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত।’

গত জানুয়ারিতে ১২ বছর ২৮৪ দিন বয়সে বৈভাবের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। গত ৩৮ বছরের মধ্যে তার চেয়ে কম বয়সে আর কোনো ভারতীয় ক্রিকেটারের প্রথম শ্রেণির অভিষেক হয়নি। গত সেপ্টেম্বর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে সেঞ্চুরি করেন ৫৮ বলে। ১৩ বছর ১৮৭ দিন বয়সে সেঞ্চুরি করে হয়ে যান স্বীকৃত যুব ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ১৪ বছর ২৪১ দিন বয়সে সেঞ্চুরি করে আগেরটি ছিল নাজমুল হোসেন শান্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত