সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের দাফন সম্পন্ন

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধারীর খিলক্ষেত নিকুঞ্জ- ১ সাবেক প্রধান বিচারপতির মরদেহ দাফন করা হয়।

এর দুপুরে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে ইনার গার্ডেনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বর্তমান সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবীরা অংশ নেন।

গত রবিবার ভোর সাড়ে চারটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃতুবরণ করেন বিচারপতি রুহুল আমিন। ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই প্রধান বিচারপতি কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বিচারপতি রুহুল আমিন বাংলাদেশের ১৫ তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৮১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯২ সালের ১৮ ফেব্রæয়ারি তিনি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন।