রোহিঙ্গা শিবির পরিদর্শনে আইসিসির প্রধান কৌঁসুলি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

সেখানে তিনি রোহিঙ্গাদের সঙ্গে ২০১৭ সালে সংঘটিত গণহত্যাসহ নানা বিষয়ে কথা বলেন। এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। তার সঙ্গে রয়েছেন ১৫ সদস্যের প্রতিনিধি দল।  

বিকালে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকের কথা রয়েছে। 

এর আগে সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। ওই দিন দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছান।  

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা জানান, রাখাইনে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি।  

প্রসঙ্গত, সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত