সাভারের ডিজিএফআইয়ের ক্যাপ্টেন পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করায় ৪ ভুয়া ডিজিএফআইয়ের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় সাভার মডেল থানা পুলিশ।
আটকরা হলেন, গোপালগঞ্জের নিতাই মন্ডলের ছেলে হাবিব (৫০), যশোরের মৃত সামাদ বিশ্বাসের ছেলে ভুয়া ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান (৫৫), মিরপুর কালাপানি এলাকার মৃত জমির আলীর ছেলে ড্রাইভার মো. নাছির (৩৫) ও নড়াইল সদর এলাকার শাকিল শিকদারের ছেলে ও আমার প্রাণের বাংলাদেশ পরিত্রকার রিপোর্টার কাদের সিকদার (৪২)। এ ঘটনায় তাদের দলনায়ক ইয়াজ উদ্দিন মন্টু ও তার সহযোগী মানিক পলাতক রয়েছে।
ভুক্তভোগী আব্দুল কাইয়ুম বলেন, ডিজিএফআইএর ক্যাপ্টেন মিজান পরিচয় দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চায় আটকরা। আমি বলছি আমার কাছে এতো টাকা নাই ১০ হাজার টাকা আছে। পরে ২০ হাজার টাকা চাইলে আমি ১০ হাজার টাকা দিছি। বাকি টাকা ৭ দিন পরে দিতে বলেন।
শামীম নামে অপর ভুক্তভোগী অটো রিকশার গ্যারেজ মালিক বলেন, আটকরা ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে অবৈধ অটোরিকশা কেন চালাই এজন্য ৫ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। আমি আটকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো।
সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ফারুক হোসেন পারভেজ বলেন, জোরপুলে আমাদের কিছু জমি আছে, যেটা আমার দাদার সম্পদ। আমার এক চাচা ভুয়া ডিজিএফআইদের ঠিক করেছে আমাদের হয়রানি করার জন্য। আটকরা ফোন করে বলেন ঢাকা হেডকোয়ার্টাস থেকে ডিজিএফআইএর অফিসার বলছি, আপনাদের জমি নিয়ে ঝামেলা আছে। সেগুলো ছেড়ে দিতে হবে। আমি বলছি আমার দাদার জায়গা আমি ছেড়ে দিবো কেন। পরে বলে আপনারা আসেন, কাগজপত্র নিয়ে বসেন কাগজপত্রগুলো শর্ট আউট করে দিচ্ছি। আজকে সকালে ফোন করে আমাদের জমিতে গেছে। নগদ ১ লাখ টাকা চাইছে এবং আমার বাবাকে বলছে ৭ দিনের টাইম দিলাম। এর মধ্যে আমাদের সাথে মিট না করলে আপনাদের তুলে নিয়ে যাওয়া হবে।
সাভার চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার সময় ভুক্তভোগী জনতা, পুলিশ ও ডিজিএফআই সদস্যদের সহযোগীতায় চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।