শেষ পোস্টে যা লিখেছিলেন সেই আইনজীবী সাইফুল

চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা। তার বাবার নাম জালাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

মঙ্গলবার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অথাৎ দুপুর ১২টা ৪৩ মিনিটে তিনি ফেস দ্য পিপল এর একটি কার্ড তার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে দিয়েছিলেন। সেখানে লেখা ছিল, ‘ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে আগামী এক সপ্তাহ "জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ" পালন করবে। ৫ই আগস্টের পর এই প্রথম সব ছাত্র সংগঠন পাশাপাশি দাঁড়িয়ে একই কর্মসূচি পালন করবে।’

এই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, গুড ইনিশিয়েটিভ।

এর কিছুক্ষণ পরই চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন না দেওয়ার জেরে তার অনুসারীদের হামলায় আহত হন সাইফুল ইসলাম আলিফ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।