এবার কি রিয়াল গেরো ভাঙবে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগে আজ অ্যানফিল্ডের লাল গালিচায় শুভ্রতা ছড়াতে আসবে রিয়াল মাদ্রিদ। গেল কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগে এই দুই ক্লাবের দেখা হওয়াটা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ বাদে আগের টানা তিন মৌসুমে মুখোমুখি হয় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। তবে কোনোবারই জিততে পারেনি লিভারপুল। এবার কি সেই গেরো ভাঙবে আর্না স্ল্যাটের দল।

এই দুই ক্লাবের শেষ পাঁচ ম্যাচের মধ্যে রিয়াল জিতেছে চারটিতে, একটি ড্র। সেই ড্রটি ছিল ২০২০-২১ মৌসুমে কোয়ার্টারের প্রথম লেগে অ্যানফিল্ডেই। আজও খেলা অ্যানফিল্ডে। এর আগে টানা তিন মৌসুমে রিয়ালের বিপক্ষে খেলার সময় লিভারপুলের ডাগআউটে কোচ হিসেবে ছিলেন ইয়ুর্গেন ক্লপ। এবার থাকছেন আর্না সøট।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ শেষে ৩১ পয়েন্টে শীর্ষে আছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগেও চার ম্যাচের সবগুলো জিতে শীর্ষে আছে। এবার ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্টে চার রাউন্ড শেষে শতভাগ জয় পাওয়া একমাত্র দল লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে অপরাজিত তারা। তাই রিয়ালের জন্য লড়াইটা সহজ হবে না। লস ব্ল্যাঙ্কোসরা লা লিগায় ১৩ ম্যাচ খেলে ৩০ পয়েন্টে দুইয়ে আছে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের সবশেষ ম্যাচে ঘরের মাঠে এসি মিলানের কাছে হেরেছিল রিয়াল। চ্যাম্পিয়নস লিগে চার রাউন্ড শেষে মাত্র দুই জয়ে রিয়ালের অবস্থান ১৮ নম্বরে! অ্যানফিল্ডে জিততে না পারলে স্প্যানিশ ক্লাবটি আরও পিছিয়ে পড়বে।

এবার লিগ পর্বে প্রতি দল আটটি করে ম্যাচ খেলবে। শীষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। ৯-১৬ নম্বর দল প্লে-অফ খেলে উঠবে। ৩৬ দলের বাকিরা বিদায় নেবে গ্রুপপর্ব থেকেই। তাই এবার প্রতি ম্যাচের পয়েন্টই গুরুত্বপূর্ণ।

লিভারপুল ম্যাচে কার্লো আনচেলত্তি পাচ্ছেন না ভিনিসিয়ুসকে। রিয়ালের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে ১১ দেখায় লিভারপুল হেরেছে ৭টি। জিতেছে মাত্র ৩টি।

আজ চ্যাম্পিয়নস লিগে আরও আটটি ম্যাচ আছে।