আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি হাসনাতের

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ নিন্দা জানান।

পোস্টে তিনি লেখেন, আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনতিবিলম্বে যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘাতকদের আইনের আওতায় নিয়ে আসা হয়।

তিনি আরও লেখেন, আমরা সকলেই অবগত আছি একটি কুচক্রী মহল দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে প্রতিনিয়তই নানান রাষ্ট্রদ্রোহী চক্রান্ত বাস্তবায়ন করার চেষ্টা করে চলেছে। এমতাবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এহেন দুষ্কৃতিকারীদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য জুলাই গণ-অভ্যুত্থানের সকল অংশীজনকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, একইসাথে শহরের অলি-গলি থেকে শুরু করে পাড়ায়-মহল্লায় নিজ নিজ উদ্যোগে ‘নাইট ওয়াচ টিম’গঠন করে আজ রাতে সতর্ক অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান  করা হচ্ছে। দেশের অস্থিতিশীল অবস্থাকে পুঁজি করে কেউ যেন আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের উপরে নাশকতামূলক হামলা করতে না পারে—এ ব্যাপারে দেশের সর্বসাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি।

পোস্টে তিনি আরও লেখেন, জুলাই গণঅভ্যুত্থান রক্ষায় এবং আমাদের দেশের সার্বভৌমত্ব ও দেশের সর্বসাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সোচ্চার থাকব। ইনকিলাব জিন্দাবাদ।