বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও সভাপতি অধ্যাপক মোহাম্মদ হারুন-উর রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
স্বজনরা জানিয়েছেন, মোহাম্মদ হারুন-উর রশিদ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মোহাম্মদ হারুন-উর রশিদের মৃত্যুর খবর নিশ্চিত করেন বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন। তিনি জানিয়েছেন, মোহাম্মদ হারুন-উর রশিদের জানাজা ও দাফনের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের পর জানানো হবে।
মোহাম্মদ হারুন-উর রশিদ ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক ছিলন। শিক্ষা প্রশাসক, কবি, সম্পাদক এবং অনুবাদক হিসেবে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। দেশের সুফি সাহিত্যে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। মোহাম্মদ হারুন-উর রশিদ ১৯৯১ সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাংলা একাডেমিতে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় ইংরেজি থেকে বাংলা অভিধান বের করেন। চার বছর পর তিনি আবার অধ্যাপক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। ১৯৯৮ সালে তিনি ঐচ্ছিক অবসরে যান।