রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে তিনি সোমবার রাতে গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাত ৩টার দিকে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচানো ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার এসআই সৈয়দ জুবায়ের জানান, দক্ষিণ বনশ্রীর এফ ব্লক, ৯/৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন পাকিস্তানি ওই নাগরিক। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জামালপুর এলাকায়। বাবার নাম নাজির আহমেদ। পেশায় ব্যবসায়ী ছিলেন শাহবাজ। তিনি বাংলাদেশি আদিবাসী এক তরুণীকে বিয়ে করেছিলেন। তাকে নিয়েই বনশ্রী থাকতেন। তবে কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে যান। তাকে ফিরিয়ে আনতে শাহবাজ দুদিন আগে সাতক্ষীরা গিয়েছিলেন। তবে আনতে ব্যর্থ হন। এ ছাড়া তিনি ঋণগ্রস্ত ছিলেন।
আরও দুজনের মরদেহ উদ্ধার : গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে নিজের বিছানার ওপর থেকে শাহ আলম (৫৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার এসআই ইকবাল আহমেদ জানান, সোমবার রাত ১২টার দিকে বাসায় ফিরে খাবার খেয়ে নিজের রুমে যান শাহ আলম। এর আধাঘণ্টা পর কাজের মেয়েকে ডেকে পানি দিতে বলেন। তবে কাজের মেয়ে পানি নিয়ে যাওয়ার পর তিনি পানি না খেয়ে জানান, তার বুকে ব্যথা অনুভব হচ্ছে। এর কিছুক্ষণ পরই নিস্তেজ হয়ে পড়েন। পরে কাজের মেয়ে বাড়ির ম্যানেজার ও দারোয়ানকে জানালে তারা থানায় খবর দেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে গতকাল সকালে রামপুরা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. আলম মুন্সি (৭২ বছর)।
রামপুরা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আলম মুন্সির বাড়ি বরিশাল ভান্ডারিয়ায়। তার পরিবারকে খোঁজ করা হচ্ছে। সুরতহালে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তিনি কীভাবে পানিতে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।