রাজধানীর মুগদায় কাভার্ডভ্যানের চাপায় সোলাইমান হৃদয় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোলাইমান মুগদার মান্দা এলাকার বাসিন্দা। বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। মুগদার মান্ডা মনকা বাজারের একটি দোকান ছিল তার।
নিহত সোলাইমানের শ্যালক মতিউর রহমান জানান, রাতে নিজের মোটরসাইকেল চালিয়ে দোকান থেকে খিলগাঁওয়ের বাসায় ফিরছিলেন সোলাইমান। ফেরার পথে মুগদা আইডিয়াল স্কুলের পাশের রাস্তায় একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে থেকে সোলাইমানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’