দল তিন গোলে এগিয়ে গিয়েও শক্তিতে অনেক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ড্র করেছে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার মেজাজ খারাপ হওয়াই স্বাভাবিক। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার ক্ষোভে নিজের নাকে নিজেই নখ দিয়ে আঁচড়েছেন গার্দিওলা! এতে তার নাক সামান্য কেটে গেছে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের হার নিয়ে তিনি বলেন, ‘তিনটি গোল করেও আমরা জিততে পারিনি। শুধু যোগ্যতা অর্জনের জন্য নয়, অনেক, অনেক কারণে আমাদের পয়েন্ট প্রয়োজন। এই হার হজম করা কঠিন। আমরা ভালো খেলেছি, তিনটি গোল করেছি। আরও গোল করতে পারতাম। আমরা সবকিছুই করেছি, কিন্তু দিনশেষে তা ধরে রাখতে পারিনি। আমরা যথেষ্ট স্থিতিশীল অবস্থায় নেই।’
সংবাদ সম্মেলনের শেষের দিকে এক সাংবাদিক জানতে চান, গার্দিওলার নাকের ওপর কেটেছে কীভাবে? তখনও তাজা রক্ত দেখা যাচ্ছিল সেই ক্ষতে। জবাবে গার্দিওলা বলেন, ‘আমার আঙুলের নখ এখানে… (ক্ষতস্থানে ইঙ্গিত করে)। আমি নিজেকেই আঘাত করতে চেয়েছিলাম।’ তার এই কথা শুনে সাংবাদিকরা অবাক হয়ে যান। গার্দিওলা বেরিয়ে যাওয়ার সময় কেউ কেউ তাকে ‘সব ঠিক হয়ে যাবে’ বলে স্বান্ত্বনাও দেন।