আইপিএলের মেগা নিলামে ২৭ কোটি রুপি দাম পেয়ে রেকর্ড গড়েছেন রিশাভ পান্ত। ইতিহাসের সর্বোচ্চ দামে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে মাত্র ১ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরবাদে যাওয়া জয়দেব উনাদকাটও বিরল এক রেকর্ড গড়েছেন।
সদ্য সমাপ্ত আইপিএল নিলামে উনাদকাটকে ১ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে আইপিএলের নিলাম থেকে মোট ১৩ বার তাকে দলে ভিড়িয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। গত আইপিএলে তিনি হায়দরাবাদের হয়ে ১১ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট। এবারের নিলামে সেই হায়দরাবাদ ছাড়া অন্য কোনো দল তাকে কেনার আগ্রহ দেখায়নি।
২০১১ সাল থেকে আইপিএলের নিলামে উঠছেন উনাদকাট। ২০১২ এবং ২০২১ সাল বাদ দিয়ে সব নিলামেই তাকে দেখা গেছে। কখনও অবিক্রিত থাকেননি। গতবার আইপিএল নিলামে উনাদকাটের দাম ছিল ১ কোটি ৬০ লাখ রুপি। সেটা এবার কমে ১ কোটিতে নেমে এসেছে। তবে ২০১৮ সালের নিলামে ১১ কোটি ৫০ লাখ রুপি পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। শুধু তাই নয়, এ পর্যন্ত আইপিএলে মোট ৮টি দলের জার্সি পরেছেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আর কেউ এতগুলো দলে খেলেননি।