র্যাপার বাদশার রেস্তোরাঁয় হামলার ঘটনা বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। বিস্ফোরণে রেস্টুরেন্টের দরজা ও জানালার কাঁচ ভেঙে যায়।
বিস্ফোরণের খবরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং সেখানে একটি ভাইরাল পোস্টে লরেন্স বিষ্ণোই গ্যাং এই ঘটনার দায় স্বীকার করেছে। ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সময় ক্লাবে ৭ থেকে ৮ জন উপস্থিত ছিলেন, তবে বিস্ফোরণের পর তারা কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হননি।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে বিস্ফোরণটি চাঁদাবাজির উদ্দেশ্যে করা হয়েছে। তবে এটি এখনও নিশ্চিত নয়। বিস্ফোরণের ঘটনাস্থলে পাওয়া পাটের টুকরোগুলি ইঙ্গিত দেয় যে, আতঙ্ক সৃষ্টি করতে দেশীয় বোমা ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।