এনএসইউ-ডয়েচে ভেলের উদ্যোগে শেষ হলো নবম সিজেএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রাম এবং ডয়েচে ভেলে একাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী নবম সিজেএন (কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক) বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স 'ব্রেকিং বাউন্ডারিজ : জেনারেশন-জেড, ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউ জার্নালিজম এডুকেশন অ্যাপ্রোচেস' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‌এতে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক এবং মিডিয়া পেশাদারদের একত্রিত করে পরিবর্তিত মিডিয়ায় সাংবাদিকতা শিক্ষার রূপান্তরমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এনএসইউ'র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহযোগী অধ্যাপক এবং নবম সিজেইএন নেটওয়ার্ক কনফারেন্সের আহ্বায়ক ড. তৌফিক ই এলাহী বলেন, ‘নিউ মিডিয়া বা ট্রেডিশনাল মিডিয়া যাই বলি না কেন, আমাদের এই জায়গাগুলোতে অনেক কথা বলার আছে। শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে আগামীতে সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যত কেমন হবে এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে তাদেরকে সেভাবে প্রস্তুত করা, এই সম্মলনের মাধ্যমে তা অনেকটাই খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে।”

আজ বুধবার (২৭ নভেম্বর) সমাপনী দিনের প্রথম সেশনে আধুনিক সাংবাদিকতা শিক্ষায় নৈতিক বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. এস এম রিজওয়ান উল আলমের সঞ্চালনায় এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন।

আলোচনায় বক্তারা ডিজিটাল যুগে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা, জবাবদিহিতার অভাবে মানসম্পন্ন প্রতিবেদন তৈরি হচ্ছে না। পরবর্তী সেশনে এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহকারী অধ্যাপক ড. শরীফুল ইসলাম ইমশিয়াতের সঞ্চালনায় ‘জেন-জি’দের মিডিয়া ব্যবহার এবং অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

তৃতীয় সেশনে এনএসইউ’র মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের শিক্ষক নুসরাত ইসলামের সঞ্চালনায় গণমাধ্যমের বক্তব্য ও চর্চা গঠনে জেন্ডারের ভূমিকা নিয়ে উঠে আসে। এসময় প্যানেলিস্টরা মিডিয়া শিল্পে লিঙ্গ-ভিত্তিক চ্যালেঞ্জগুলি যেমন বেতন সমতা এবং লিঙ্গ-সংবেদনশীল প্রতিবেদনের তৈরির বিষয়গুলো তুলে ধরা হয়। 

দিনের সর্বশেষ সেশনে সাংবাদিকতাকে এগিয়ে নিতে কী ধরনের নতুন পন্থা অবলম্বন করা যায় তা উঠে আসে সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ডয়চে ভেলে একাডেমির আন্তর্জাতিক পরামর্শক জুড ডব্লিউ আর হেনেলো সঞ্চালিত অধিবেশনে সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যত, সংবাদ প্রকাশের নিত্য নতুন ধরণ এবং সাংবাদিকতার অনুশীলনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।