বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ছিল আজ জন্মদিন। নিজের জন্মদিনটা তিনি রাঙিয়েছেন দেশের জার্সিতে রেকর্ড গড়া জয়ে। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে হারিয়েছেন তারা ১৫৪ রানের বড় ব্যবধানে। যা দেশের নারী ক্রিকেটের সবচেয়ে বড় জয়।
এছাড়া আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ২৫২ রান। সেটাও দেশের নারী ক্রিকেট দলের সর্বোচ্চ সংগ্রহ।
এমন রেকর্ড গড়া দিনের পর তিনি দলের ড্রেসিং রুমে সতীর্থদের সঙ্গে নিজের জন্মদিন উদযাপন করেছেন। সেখানে কেক কেটেছেন। এসময় তার পরিবারের সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা যায়। সতীর্থরা তার গায়ে কেক মাখিয়ে দিয়েছেন।