দীর্ঘ ছয় মাসের বিরতি কাটিয়ে মাঠে ফিরছেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে চট্টগ্রাম বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। এর আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফেরার সব প্রস্তুতি সেরেছেন এই বাঁহাতি ব্যাটার।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, তামিম ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। চলমান জাতীয় লিগের প্রথম শ্রেণির সংস্করণেও তাকে দেখা যায়নি। তবে এবার এনসিএলের নতুন ফরম্যাটে মাঠে দেখা যাবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
এনসিএল টি-টোয়েন্টি সংস্করণের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। লিগ পর্বের ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও হওয়ার সম্ভাবনা আছে। ফাইনাল ম্যাচটি হবে নির্ধারিত ২৩ ডিসেম্বরে।
অনেকেই ধারণা করেছিলেন, তামিম তার অনুশীলন শুরু করেছেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে। এক সাক্ষাৎকারে তিনি নিজেও বলেছিলেন সে কথাই। এবারের বিপিএলেও ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি। গত আসরে এই দলটিকে নেতৃত্ব দিয়ে তিনি শিরোপা জিতিয়েছিলেন। তবে বরিশালের জার্সিতে নামার আগে এনসিএল তার পারফরম্যান্স দেখতে পারবেন ভক্ত-সমর্থকরা।
তামিম প্রতিযোগিতামূলক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে। এরপর ছয় মাস মাঠের বাইরে কাটিয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। ক্রিকেট থেকে দূরে থাকলেও তামিম এই সময়ে খেলার সঙ্গেই ছিলেন। বাংলাদেশ দলের ভারত সফরে ধারাভাষ্যকার হিসেবে নতুন ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। গঠনমূলক ও বুদ্ধিদীপ্ত ধারাভাষ্যে প্রশংসা কুড়িয়েছেন এই ব্যাটার।
হিট উইকেট- ব্যাট ভেঙে বোল্ড ব্যাটসম্যান
র্যাংকিংয়ে তাসকিনের ১৬, জাকেরের ২৪ ধাপ উন্নতি