সোনামসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো আলু-পেঁয়াজ

এক দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ  আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সোনামসজিদ বন্দরে আড়াই হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ২ হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, ভারতের মোহদীপুর বন্দর থেকে মঙ্গলবার আমদানি করা কোনো পেঁয়াজ ও আলুর ট্রাক ঢুকেনি। বুধবার দুপুর থেকে অন্যান্য আমদানি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পেঁয়াজ ও আলুবাহী ট্রাক আসা শুরু করে। 

বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৯৪টি ট্রাকে প্রায় ২ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ ও ১০৯টি ট্রাকে ২ হাজার ৯০০ মেট্রিক টন আলু মোহদীপুর হয়ে পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করেছে। 
 
সোনামসজিদ স্থল বন্দরের একাধিক আমদানিকারকের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের মোহদীপুর স্থলবন্দরে পেঁয়াজ ও আলুর অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেয়ায় মঙ্গলবার সোনামসজিদ স্থল বন্দরে কোনো পেঁয়াজ ও আলুর ট্রাক ঢুকেনি। তবে বুধবার যে পেঁয়াজ ও আলুবাহী ট্রাকগুলো ঢুকেছে সেগুলো আগের এলসি করা। আগে থেকে মোহদীপুর দিয়ে প্রবেশের অপেক্ষায় ছিল।

 

আমদানিকারকরা জানান, জটিলতার কারণে ভারতে ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ থাকায় নতুন করে পেঁয়াজ ও আলু ট্রাকে লোড করা হচ্ছে না। 

বন্দর সূত্র জানিয়েছে, এখনও ভারতে শতাধিক পেঁয়াজ ও আলুর ট্রাক আটক রয়েছে।