আফসোস
আমার ভোরগুলোকে তুমি অনুবাদ করে দাও
আমার জন্মের খাতায় ভোরের যেন কোনো নাম না থাকে
আমার দুপুরগুলোকে তুমি অনুবাদ করে দাও
আমার পূর্ণতার খাতায় দুপুরের যেন কোনো নাম না থাকে
আমার রাতগুলোকে তুমি অনুবাদ করে দাও
আমার আফসোসের খাতায় তোমার যেন কোনো নাম না থাকে
প্রেম
যদি খুলতে জানো দেয়ালও দরজা হয়ে যায়
তোমার ঘরে একটি ছবি ঝুলছে
সেখানে আমার মুখ নেই
তবু
বহুদিন তোমার ঘরে ছবি হয়ে ঝুলছি আমি-ই
অন্যায়
আমার সঙ্গে যা হয়েছে অন্যায়
মন আমার সঙ্গে অন্যায় করেছে
শরীর আমার সঙ্গে অন্যায় করেছে
তাই আমি যদি তোমাকে না পাই
ঈশ্বরও পাবে না তোমায়
মায়া ও মৈথুন
বাজেনি ঘুঙুর তবু মুখর চারপাশ
আমি শুধু একে একে শব্দ তুলে রাখি
সুর হই তাল হই যত্ন করে দেখি
আহা, স্তরে স্তরে জমেছে মায়া ও মধু
উড়ে যাচ্ছে তৃষ্ণাপাখিরা
আমি পবিত্র হচ্ছি পাপে ও পূর্ণতায়
দেবী, তুমি শুধু পুণ্যগুলো যত্ন করে রাখো
একদিন তোমার পুণ্যে স্নান করবে আমার ব্রহ্মচর্য