জয়ের জন্য ২৫ বলে প্রয়োজন ছিল ১৭ রান, হাতে ৬ উইকেট, এমন ম্যাচও হারা যায়! বাংলাদেশের প্রথম দল হিসেবে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়া রংপুর রাইডার্স সেটাই করে দেখাল। গায়ানায় গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে তারা হেরে গেল ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের কাছে। ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। সেই সুপার ওভারে এক বল বাকি থাকতেই জিতে যায় হ্যাম্পশায়ার।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে তোলে ১৩২ রান তোলে হ্যাম্পশায়ার। পাকিস্তানি ব্যাটসম্যান শান মাসুদ করেন ৪১ বলে ৫৬ রান। রংপুরের ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল নেন ২৩ রানে ৫ উইকেট। রান তাড়া রংপুরের কয়েকজন ব্যাটার ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেনি। তবু ছোট টার্গেট তাড়ায় তারা জয়ের পথেই ছিল। ঝামেলা বাঁধে শেষদিকে।
২৫ বলে ১৭ রান থেকে জয়ের জন্য শেষ ওভারে রংপুরের প্রয়োজন পড়ে ৭ রানের। বোলিংয়ের দায়িত্বে ছিলেন গত বিপিএলে ফরচুন বরিশালে খেলা পেসার জেমস ফুলার। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৩ রানের ফুলারের স্লোয়ার লেংথ বলটিতে টাইমিং করতে পারেননি রিশাদ হোসেন। বল যায় মিড উইকেটে ফিল্ডারের কাছে। তার ফিল্ডিংয়ের ভুলে ২ রান আসায় টাই হওয়া ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সেই সুপার ওভারে রংপুরের খুশদিল শাহ আর স্টিভেন টেইলর মিলে মাত্র ১২ রান তুলতে পারেন। দুটি ছক্কা যথেষ্ট ছিল হ্যাম্পশায়ারের জন্য। মূল ম্যাচে ৫ উইকেট শিকার করা রংপুরের জ্যাক চ্যাপেলকে প্রথম বলে চোখধাঁধানো এক ফ্লিক শটে ছক্কা মেরে দেন। পরের বলেই অবশ্য আরেকটি বড় শটের চেষ্টায় আউট হন ফুলার। তবে পঞ্চম বলে আরেকটি ছক্কায় হ্যাম্পশায়ারকে জিতিয়ে দেন লিয়াম ডসন।