রিয়াল মাদ্রিদের খারাপ সময় যেন শেষই হচ্ছে না। শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পাঁচ ম্যাচের তিনটিতেই হারল স্পেনের দলটি। এবার শিরোপাধারীদের ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল লিভারপুল। ১৫ বছরের বেশি সময় পর রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইংলিশ ক্লাবটি। দুই দলের হয়েই পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপে এবং মোহাম্মদ সালাহ।
অ্যানাফিল্ডে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে লিভারপুল ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নিয়েছে। এর মধ্যে ৭টি লক্ষ্যে ছিল। সেখানে রিয়ালের ৯ শটের কেবল ৩টি লক্ষ্যে ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ম্যাক অ্যালিস্টার। বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার। চলতি আসরে এটা তার দ্বিতীয় গোল।
৫৯তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপ্পের দুর্বল স্পট-কিক সহজেই ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি পেয়েছিল, কিন্তু মোহাম্মদ সালাহ গোল করতে ব্যর্থ হন। এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড রিয়ালের বিপক্ষে লিভারপুলের সর্বশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তারা ৪-০ গোলে জিতেছিল।
গত ১৫ বছরে দুই দলের ৮ বারের দেখায় ৭ বারই জিতেছে রিয়াল মাদ্রিদ, যার মধ্যে দুটি ফাইনালও আছে। একটি ম্যাচ ড্র হয়েছে। সবগুলোই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। অবশেষে অল রেডসদের দীর্ঘ সেই অপেক্ষার প্রহর শেষ হলো। সেইসঙ্গে চলতি আসরে পাঁচ ম্যাচের সবগুলিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল স্লটের শিষ্যরা। অন্যদিকে, শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পাঁচ ম্যাচের তিনটিতেই হারল রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেল কার্লো আনচেলত্তির দল।
দেশের হয়ে দীর্ঘদিন খেলতেই আইপিএল বর্জন স্টোকসের
আইপিএল নিলামে ১ কোটির উনাদকাটের বিরল রেকর্ড
ঘুম থেকে উঠে দেখি আইপিএলে দল পেয়েছি!