আঙুলের চোটে পড়া জর্ডান কক্সের জায়গায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে ডাকা হয়েছে অলিভার রবিনসনকে। একটু থামুন, ইংলিশ পেসার অলিভার রবিনসন তো ইতোমধ্যেই ২০ টেস্ট খেলে ফেলেছেন। তাছাড়া উইকেটকিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে কেনইবা একজন পেসারকে নেওয়া হলো? এসব প্রশ্নের জবাব হলো- এই রবিনসন আর ওই রবিনসন এক ব্যক্তি নন!
কক্সের বদলে সুযোগ পাওয়া অলিভার রবিসনও উইকেটকিপার-ব্যাটসম্যান। ইংল্যান্ড দলে তিনি প্রথমবারের মতো ডাক পেলেন। শুধু পেসার রবিনসনের সঙ্গে নামের মিল নয়, জন্মতারিখের মিলও আছে। দুজনেরই জন্ম কেন্টে, দুজনের জন্মদিন ১ ডিসেম্বর! তবে বয়সের পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিপার রবিনসনের আগামী মাসের ১ তারিখে ২৬ বছর পূর্ণ হবে কিপার রবিনসনের। আর পেসার রবিনসনের বয়স হবে ৩১ বছর।
শনিবার নিউ জিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন কিপার রবিনসন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি, ৩৭.২৬ গড়ে ৪ হাজার ১৭৪ রান করেছেন। ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড় প্রায় ২ হাজার রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৮৬.২২! পেসার রবিনসন ২০ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭৬টি। বছরের শুরুতে ভারত সফরের পর তার আর টেস্ট খেলা হয়নি।