চলন্ত অ্যাম্বুলেন্সে এক কিশোরীকে (১৬) অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার মধ্যপ্রদেশের মৌগঞ্জ জেলায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ওই অ্যাম্বুলেন্সের চালক এবং অপরজন তার সঙ্গী।
ভুক্তভোগীর অভিযোগ, গ্রেপ্তাররা একটি ‘জননী এক্সপ্রেস’ অ্যাম্বুলেন্সে তাকে অপহরণ এবং গণধর্ষণ করে। বেসরকারি সংস্থার সহযোগিতায় মধ্যপ্রদেশ সরকার ‘জননী এক্সপ্রেস’ অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৌগঞ্জ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হনুমান থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। সোমবার ওই ঘটনার পর কিশোরীর পরিবারের সদস্যেরা থানায় অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবার রাতে গ্রেপ্তার করা হয় অ্যাম্বুলেন্সের চালক এবং তার এক সঙ্গীকে। অভিযুক্তরা উভয়েই মৌগঞ্জ জেলার নয়গড়ি এলাকার বাসিন্দা। যা হনুমান থানা এলাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে।
মৌগঞ্জের পুলিশ সুপার স্বর্ণ ঠাকুর জানিয়েছেন, নির্যাতিতার গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। তার শারীরিক পরীক্ষাও করানো হয়। শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।