আবরার হত্যা মামলা

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয়।

গতকাল রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার মামলার পেপারবুক (রায়সহ যাবতীয় নথি) থেকে পড়ে শোনান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা পেপারবুক থেকে শুনানি শুরু করেছি। আমাদের শুনানি শেষ হলে আসামিপক্ষের শুনানি শুরু হবে।’ 

২০১৯ সালের ৭ অক্টোবর ভোরে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারের মরদেহ উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের করিডোর থেকে।

পরে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি নিয়ে ফেসবুকে একটি পোস্টের জের ধরে রাতে আবরারকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী (পরে বহিষ্কৃত)। এ নিয়ে সারাদেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। বিক্ষোভ ও আন্দোলনে অচল হয়ে পড়ে বুয়েট।

২০২১ সালের ৮ ডিসেম্বর ২৫ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১। রায়ে ২০ জনকে প্রাণদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।