রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. হৃদয় জানান, রাতে রেললাইন পার হওয়ার সময় ওই ব্যক্তি মালিবাগ রেলগেটে একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।