সংবিধান সংস্কারে ১৯ প্রস্তাব জাতীয় পার্টির

সংবিধান সংস্কারে ১৯টি প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে রয়েছে পঞ্চদশ সংশোধনী বাতিল, সংসদে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব হ্রাস, সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়া, রষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কর্তৃত্বের ভারসাম্য বজায় রাখা ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান জিএম কাদের এসব প্রস্তাবনা তুলে ধরেন।

জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালুর প্রথম থেকেই প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান নির্বাহীকে সংসদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া আছে; যা সংবিধানে ৭০ অনুচ্ছেদের মাধ্যমে প্রয়োগের সুযোগ রয়েছে। ৭০ অনুচ্ছেদ যেকোনো সংসদ সদস্যকে নিজ দলের বিপক্ষে ভোট দিতে বাধা দেয়। তিনি তা বাদ দেওয়ার সুপারিশ করেন।

তিনি বলেন, সরকারি দলের প্রধান ও প্রধানমন্ত্রী যদি দুজন ভিন্ন ব্যক্তি হতেন, তাহলে প্রধানমন্ত্রীর সংসদ পুরোপুরি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছুটা হলেও ভারসাম্য থাকত। ঐতিহ্যগতভাবে এটি কখনো ঘটেনি। এখন পর্যন্ত যখনই সুযোগ আসে, দলীয় প্রধানই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিচার বিভাগ থেকে না হওয়াই ভালো। কারণ, এটি বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তা ছাড়া এর মাধ্যমে রাজনীতি ও নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের একটি মিশ্রণের অনাকাক্সিক্ষত উদাহরণ সৃষ্টি হতে পারে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলে নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো পুনরায় চালু করা হবে।