জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতাকে খুনের অপরাধে শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি কেন বলে, প্রশ্ন তুলেছেন আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের বীজ এখনো লুকিয়ে রয়েছে। এদের চিহ্নিত করে উপড়ে ফেলতে হবে। তা না হলে বৈষম্যবিরোধী আন্দোলন লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে তাদের পরিবারের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আয়োজনে স্মরণ সভা আয়োজন করা হয়। ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তৈয়বের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।ডুয়েটের প্রভাষক শনিলা বিনতে আহসান ও সাইফুল্লাহ মাহমুদের সঞ্চালনায় ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের প্রোভিসি ড. মো. আরেফিন কাওসার, ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। এর আগে জুলাই আন্দোলনে গাজীপুরে প্রথম শহীদ শাকিল পারভেজের বাবা বেলায়েত হোসেন তার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন এবং অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
এ ছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী আহত ডুয়েটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জুয়েল রাণা, মোহনা আকতার, মো. রাসেল ভূঁইয়া, মো. তৌহিদুল ইসলাম রাণা, শাহজাহান চৌধুরী প্রমুখ। এ ছাড়া জুলাই-আগস্ট আন্দোলনের ওপর ডকুমেন্টারি প্রচার,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও শহীদ পরিবার এবং আহদের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।