বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, তার ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমানকে দুর্নীতির মামলায় খালাস দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম তাদের খালাস দেন।
রায় ঘোষণার পর খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট মামলা করা হয়েছিল। যে মামলার কোনো ভিত্তি, প্রমাণ ছিল না। ওয়ান ইলেভেনের সময় এ মামলা হয়। সেই হিসেবে প্রায় ১৬ বছর এ মামলা চলেছে। গত ১৭ বছরের মধ্যে পাঁচ বছরের বেশি সময় বিভিন্ন মামলায় কারাবাস করতে হয়েছে।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্বব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমনেচ্ছু কর্মকর্তা-কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করেছে।