গুমের অভিযোগ

র‌্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের শাসনামলে গুমের একটি মামলায় রাঙ্গামাটি ট্রেনিং সেন্টার ও র‌্যাব-২-এর সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা এসেছে। আগামী ২ ডিসেম্বর দুজনকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট বিষয়ে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি সাংবাদিকদের বলেন, সাবেক দুজন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দুটি আবেদন করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অসংখ্য গুম এবং গুমের সময় নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগে একটি মামলা হয়েছে। তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।