অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় সব

রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান লাউতলা এলাকার ৮ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িটির কেয়ারটেকার মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে থাকা নাসিমা বেগম বলেন, ‘বুধবার রাত সাড়ে ৩টার দিকে আমার ঘরে ১০-১৫ জন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে আমাকে জিম্মি করে ফেলে। এরপর রুমের আলমারি, র‌্যাক, টিভিসহ সব ভাঙচুর করে টাকাপয়সা, স্বর্ণালংকার সব নিয়ে যায়। এ সময় আমাদের সবাইকে বাড়ির একটা রুমের ভেতর আটকে তালা লাগিয়ে দেয়। এ বাড়িতে থাকা পাঁচজন ভাড়াটিয়া সবার ঘরে প্রবেশ করে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। আমি ডাকাতদের পায়ে ধরে বলেছি, আমার হাফেজ মেয়ের শরীরে যেন হাত না দেয়। আমার কষ্টে জমিয়ে কেনা বাড়ির দলিলের কাগজপত্র, নগদ টাকা সবকিছু নিয়ে আমাকে পথের ভিখারি বানিয়ে গেছে।’

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, পুলিশ ওই স্থান পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।