রাঙামাটিতে পুণ্যার্থীবাহী বাস উল্টে আহত ২০

রাঙামাটির শহরের মানিকছড়ি এলাকায় পুণ্যার্থীবাহী বাস উল্টে ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

বাসে থাকা যাত্রীরা জানান, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলাম। এমন সময় মানিকছড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী জানান, আহত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।