ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলি (মালিকানাধীন) ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ে কর্ণফুলিতে থাকা শত শত যাত্রী। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের সময় নাওটি রেলস্টেশনের পরে আপ লাইনে এ বিকল হওয়ার ঘটনা ঘটে। অন্যান্য ট্রেনের সিডিউল বিপর্যয় না ঘটে তার জন্য তাৎক্ষণিকভাবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করেন রেল কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ৯টা ৪৫ মিনিটের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলি ট্রেনটি নাঙ্গলকোট রেলস্টেশনে দুপুর ১টা ৫০ মিনিটের সময় এসে পৌঁছায়। সেখানে ৫ মিনিট যাত্রা বিরতি নিয়ে ট্রেনটি নাওটি রেলস্টেশনে যাওয়ার পথে হঠাৎ আপ লাইনের ওপর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া ওই ট্রেনের শত শত যাত্রী।
এ বিষয়ে আলী হায়দার বলেন, এটি গরিবের ট্রেন। সকাল ১০টায় ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে। আমি এটি করে ব্রাহ্মণবাড়িয়া রওনা দিয়েছি। আসতে আসতে অনেক দেরি করেছে। আর আজকে নয় শুধু, ট্রেনটির প্রায় সময় নষ্ট হয়ে যায়। আমরা গরিব মানুষ বলে রেল কর্তৃপক্ষের কারো কোনো খবর নেই। নষ্ট ট্রেন চালায় এ লাইনে কর্ণফুলি কর্তৃপক্ষ। অথচ সবচাইতে বেশি টাকা আয় হয় তাদের।
এ বিষয়ে ট্রেনের যাত্রী রিয়াজ মজুমদার বলেন, নাঙ্গলকোট থেকে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য কর্ণফুলি ট্রেনের করে কুমিল্লা রওনা দিয়েছি। নাওটি রেলস্টেশন পার হলে হঠাৎ ট্রেনটি আপ লাইনের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। কখন ছেলেকে ডাক্তার দেখাবো বুঝতে পারছি না। আর ট্রেনটি এমন জায়গায় নষ্ট হয়েছে বাইরোডে যাওয়ার ব্যবস্থা নেই।
এ তথ্য নিশ্চিত করে নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, আজকে ট্রেনটি দেড় ঘণ্টা দেরি করে আসে। পরে খবর পাই বন্ধ থাকা নাওটি রেল স্টেশন পার হয়ে আপ লাইনের ওপর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যাতে ট্রেনের শিডিউল বিপর্যয় না ঘটে তাই আমরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সকল ট্রেন ডাউন লাইন দিয়ে চলাচল করাই।
এ বিষয়ে রেল পূর্ব অঞ্চল ঊর্ধ্বতন কর্মকর্তা (পথ) লিয়াকত আলী দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলি ট্রেনটি নাওটি রেল স্টেশন পর হয়ে হঠাৎ আপ লাইনে বিকল হয়ে পড়ে। পরে অন্যান্য ট্রেনের বিপর্যয় না ঘটে তার জন্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আপ লাইনের ট্রেনগুলো নাঙ্গলকোট রেল স্টেশন হয়ে ডাউন লাইন দিয়ে চলাচল করে লাকসাম রেলস্টেশন হয়ে আবার আপ লাইনে চলে আসেলবে ট্রেন। আর আধা ঘণ্টার মধ্যে লাকসাম থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিনটি টেনে নিয়ে আসবে।