পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় টানা ৯ দিন ধরে চলছে শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এ সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১২২ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গায় আহতের সংখ্যা বেড়ে ১৬৮ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ নবম দিনে আরও ১২ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
দেশটির জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার-পারাচিনার হাইওয়ে টানা ৯ দিন ধরে বন্ধ আছে। এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। রাস্তা বন্ধ হওয়ায় আফগানিস্তানের সঙ্গে খারলাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুররামের ডেপুটি কমিশনার জাভেদউল্লাহ মেহসুদ। এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব আরও বাড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ ছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দারা।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার বিবদমান গোষ্ঠীগুলো ১০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে- এমন খবর আসার পর বৃহস্পতিবার আবারও সংঘর্ষ হয়।
বিবিসি বলছে, আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামে সহিংসতার সূচনা হয়েছিল গত ২১ নভেম্বর। সেইদিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয়। এতে অন্তত ৪০ জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা।
সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে।
স্কুল ছুটি হলেই ডেলিভারি বয় হয়ে যান সরকারি শিক্ষক!