আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরির পরও ২৫০ করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবুও আশা ছিল জয়ের। কিন্তুই সেই পথে ভয় ধরিয়ে দিয়েছিলেন ফায়সাল খান আহমেদজাই ও নাসের খান মারুফখিল। তাদের ব্যাটে আফগানরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু বাংলাদেশের দুই বোলার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমনের বলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আফগানদের ব্যাটিং লাইন-আপ। তাদের নৈপুণ্যে শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৫ রানের জয় দিয়ে শুরু করে যুব এশিয়া কাপের যাত্রা।
টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৩ রানেই ভেঙে যায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে জাওয়াদ আবরারকে ফিরিয়েছেন আবদুল আজিজ। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি আবরার। এরপরই ব্যাটিং করতে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ওপেনার কালাম সিদ্দিকির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তিনি।
বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে। অধিনায়ক আজিজুল হাকিম তামিম একাই করেন ১০৩ রান (১৩৩ বলে, ৮ চার, ৩ ছক্কা), সেঞ্চুরি পূর্ণ করেন ছক্কা মেরে। কালাম সিদ্দিকি করেন ৬৬ রান। তবে তামিমের আউটের পর শেষ ২০ বলে বাংলাদেশ মাত্র ২৪ রান তুলতে হারায় ৩ উইকেট। আফগানিস্তানের আজিজ, নুরিস্তানি ও স্টানিকজাই নেন ২টি করে উইকেট।
২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে গেলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আফগানদের। দলটির হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ফায়সাল। বাংলাদেশের হয়ে ফাহাদ ও ইমন নিয়েছেন তিনটি করে উইকেট। মারুফ মৃধার ঝুলিতে গেছে দুটি। একটি উইকেট পেয়েছেন রাফি উজ্জামান।