চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসির মিটিং পণ্ড ২০ মিনিটেই

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত-পাকিস্তানের মুখোমুখি অবস্থানের কারণে নাটকীয়তা চলছিল। ধারণা করা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আজ আইসিসি বোর্ড সভার মিটিং থেকে।

তবে মিটিং শুরুর মাত্র ২০ মিনিটেই ভেস্তে গেছে। সভায় কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি বলে সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকবাজ সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হতে আর সময় বাকি মাত্র আড়াই মাসের মতো।

সভায় কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি বলে জানানো হয়েছে সূত্রের বরাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকালই অভ্যন্তরীণ সভা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোভাবেই হাইব্রিড মডেলে না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। এমনকি ওই মডেলে টুর্নামেন্ট আয়োজন করলে অংশগ্রহণ না করার হুঁশিয়ারিও দিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

ক্রিকবাজ বলছে, আইসিসির সভায় ১২ পূর্ণ সদস্য দেশ ও তিনটি সহযোগী দেশের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। আরেকটি সূত্র জানিয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে (পরবর্তী) সভার স্থায়ীত্ব হতে পারে।

ধারণা করা হচ্ছে আগামীকাল শনিবার কিংবা কয়েকদিনের মধ্যে এই সভা আবারও অনুষ্ঠিত হতে পারে।