ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি ভিনি রদ্রিসহ আরও যারা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

এই বছরের ব্যালন ডি'অর এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও, ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জয়ের দৌড়ে আছেন লিওনেল মেসি। লড়াইয়ে আছেন এবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি, দ্বিতীয় হওয়া ভিনিসিয়ুস জুনিয়রও। আছেন কিলিয়ান এমবাপ্পে-আর্লিং হালান্ড।

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে নিজেদের ওয়েবসাইটে ১১ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকার ১১ জনের ৬ জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। ইউরোপের বাইরে ক্লাব ফুটবলা খেলা একমাত্র ফুটবলার হিসেবে তালিকায় আছেন মেসি। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় করা হয়েছে এই তালিকা।

বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলকিপার ও গোলের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফিফা। ঘোষণা করা হবে বর্ষসেরা একাদশও। থাকছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। নিজেদের পছন্দের খেলোয়াড়কে নির্বাচিত করতে ভোট দিতে পারবেন ভক্তরা।

ফিফার প্রতি সদস্য দেশের অধিনায়ক, কোচ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধির ভোটে নির্বাচিত হয় এই পুরস্কার। ৭৫ শতাংশ অবদান থাকে তাদের। বাকি ২৫ শতাংশ আসে দর্শকদের ভোটে।

তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে ভোট।

১১ জনের তালিকা

দানি কার্ভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানসিটি), ফ্লোরিয়ান ইউর্টজ (জার্মান/লেভারকুজেন), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল), লিওনেল মেসি (আর্জেন্টিনা/মায়ামি), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/মাদ্রিদ), লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা), রদ্রি (স্পেন/ম্যানসিটি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল), টনি ক্রুস (জার্মান/রিয়াল)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত